হার্টে ছিদ্র নিয়েও ভোটকেন্দ্রে ৭০ বছরের মনোয়ারা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ এএম
হার্টে ছিদ্রজনিত জটিল রোগে আক্রান্ত ৭০ বছর বয়সী মনোয়ারা বেগম শারীরিক দুর্বলতা উপেক্ষা করে ভোট দিতে হাজির হয়েছেন কেন্দ্রে। অসুস্থ শরীর, ধীর পা, তবু দৃঢ় ইচ্ছা—এই সংকল্প নিয়েই তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। মনোয়ারা বেগম শেরপুরের ধনকুন্ডি উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং ইয়াছিন আলী সরকারের স্ত্রী।
কেন্দ্রে আসার সময় তাকে বেশ দুর্বল দেখাচ্ছিল। পাশে ছিলেন তার ভাবী আম্বিয়া খাতুন। তিনিই কাঁধে ভর দিয়ে মনোয়ারাকে কেন্দ্রে নিয়ে আসেন।
আম্বিয়া খাতুন বলেন, আমার ননদ হার্টের রোগী। তার হার্টে ছিদ্র হয়েছে। এত অসুস্থ হওয়ার পরও তার ইচ্ছা ছিল ভোট দেবেন। তাই আমি কাঁধে ভর দিয়ে তাকে কেন্দ্রে নিয়ে এসেছি।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, শারীরিকভাবে অসুস্থ হলেও ভোট দেওয়ার বিষয়ে মনোয়ারা বেগম ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। পরিবারের সহায়তায় তিনি কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭২ হাজারের বেশি। এ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত খান কুদরত-ই-সাকলায়েন ‘ছাতা’ প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত গোলাম মোহাম্মদ সিরাজ ‘ধানের শীষ’ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মীর মো. মাহমুদুর রহমান ‘হাতপাখা’ প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো. দবিবুর রহমান ‘দাঁড়িপাল্লা’ প্রতীক এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত শিপন কুমার রবিদাস ‘কাস্তে’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।



