শেরপুরে নির্বাচনী উপকরণ বিতরণ শুরু, শান্তিপূর্ণ ভোটে প্রস্তুত প্রশাসন
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম
রাত পোহালেই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ ভোটগ্রহণের সকল প্রয়োজনীয় উপকরণ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের তত্ত্বাবধানে নির্বাচনী উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়।
শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৮৪১ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৬ হাজার ৯৭৬ জন, পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৮৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। ভোটারদের জন্য ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৯৯টি ভোটকেন্দ্রে ৫৬৪টি ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিসাইডিং অফিসারসহ মোট ৯৯ জন প্রিসাইডিং অফিসার এবং ৮৬৪ জন সহকারী প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে একজন উপপরিদর্শক, দুইজন কনস্টেবল, তিনজন আনসার সদস্য এবং গ্রাম পুলিশের সদস্যরা মোতায়েন থাকবেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চারজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তারা হলেন,মোঃ মাছুদুর রহমান সিনিয়র সহকারী সচিব, মোছাঃ রওনক জাহান চার্জ অফিসার, তাসওয়ার তানজামুল হক সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ মাহমুদুল হাসান সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,তাদের সঙ্গে সেনাবাহিনী ও বিজিবির কর্মকর্তা ও সদস্যরা টহল কার্যক্রমে নিয়োজিত থাকবেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা।



