বগুড়ার নন্দীগ্রামে মাঠের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ তিন মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাশেদা বেগম (৩৮) ভাটগ্রাম ইউনিয়নের ভাগবাজার উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে রাশেদা বেগম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সারাদিন ও সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বুধবার সকালে স্থানীয় লোকজন বর্ষণ তিন মাথা এলাকায় মাঠের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বামী আব্দুল মালেক ও ছেলে আরিফুল ইসলাম জানান, রাশেদা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহ শনাক্ত করেন।
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিচয় নিশ্চিত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।



