ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ট্রাক উল্টে আহত কয়েকজন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মালবাহী ট্রাক উল্টে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফল বোঝাই ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি বাস ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি উল্টে যায় এবং ফলগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারলেস অফিসার দেওয়ান মো. আজাদ বলেন, ট্রাকটির গতি কম থাকায় বাসটি ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি সরিয়ে নেওয়া হয়েছে এবং উল্টে যাওয়া ট্রাকটিকে সোজা করার কাজ চলছে। তবে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন।



