সৈয়দপুর বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াত আমির আটক
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৩ পিএম
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তবে টাকার সঠিক পরিমাণ নির্ধারণে গণনা চলমান রয়েছে। তিনি আরও বলেন, আটক বেলাল উদ্দিন দাবি করেছেন—এটি তার ব্যবসার টাকা।
আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় বেলাল উদ্দিন বলেন, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ এবং তা তার ব্যবসায়িক লেনদেনের অংশ।
বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।
নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলামও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



