বহিষ্কৃত বিএনপি নেতা মঞ্জুরুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১০ পিএম
শৃঙ্খলাভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কারের পর বিএনপির নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক ব্যক্তি। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির জোটসঙ্গীর ট্রাক প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়ে সাধারণ ভোটারদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। মঙ্গলবার রাতে দেবিদ্বার থানায় এ অভিযোগ জমা দেওয়া হয়।
অভিযোগকারী রাইসুল ইসলাম আখন্দ উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা এ কে এম আনোয়ার হোসেন আখন্দের ছেলে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ঋণখেলাপির অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ার পর তিনি ও তাঁর অনুসারীরা ট্রাক প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে ভোটারদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন।
৯ ফেব্রুয়ারি রাতে গুনাইঘর ইউনিয়নের বাকসার বাজার এলাকায় বিএনপি জোটের প্রার্থী ট্রাক প্রতীকের জসিম উদ্দিনের নির্বাচনী বৈঠকে মঞ্জুরুলের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগে দাবি করা হয়, ওই বক্তব্যে দেবিদ্বার আসনের ভোটারদের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ব্যাহত হচ্ছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ট্রাক প্রতীকে ভোট দিতে চাপ প্রয়োগ করা হচ্ছে এবং অন্য প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এক নির্বাচনী সভায় মঞ্জুরুল আহসান মুন্সী প্রকাশ্যে এমন বক্তব্য দিয়েছেন বলেও অভিযোগে বলা হয়। সভায় উপস্থিত কিছু নেতা-কর্মী করতালির মাধ্যমে ওই বক্তব্যকে সমর্থন করেন বলে দাবি করা হয়েছে।
এজাহারে মঞ্জুরুল আহসান মুন্সী ছাড়াও এলাহাবাদ গ্রামের মো. আ. জসিম উদ্দিন ও বাকসার গ্রামের আবুল কালাম আজাদের নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। চারজন প্রত্যক্ষদর্শীর নাম সাক্ষী হিসেবে দেওয়া হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদ এবং দণ্ডবিধির ১৭১(এফ), ৫০৬(২), ৩৪ ধারাসহ সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, হুমকির ঘটনায় সাধারণত জিডি হয়, সরাসরি মামলা হয় না। আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী সংবাদ সম্মেলনে দাবি করেন, তাঁর নামে ছড়িয়ে পড়া বক্তব্যটি এআই দিয়ে তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে। তবে ওই বক্তব্যকে কেন্দ্র করে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বিএনপি তাঁর সব দলীয় পদ বাতিল করে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে।



