Logo
Logo
×

সারাদেশ

পূর্বাচলের নীলা মার্কেটে ভোরের আগুনে পুড়ল পাঁচ দোকান

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪ এএম

পূর্বাচলের নীলা মার্কেটে ভোরের আগুনে পুড়ল পাঁচ দোকান

পূর্বাচল উপশহরের নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান পুড়ে গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের দক্ষিণ পাশে অবস্থিত মার্কেট চত্বরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে স্থানীয়রা একটি দোকান থেকে আগুনের সূত্রপাত দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আতিকুল ইসলাম জানান, ভোর সোয়া ৫টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। চারটি ইউনিট একযোগে কাজ করে প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানগুলোর মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের পাশাপাশি পূর্বাচল আর্মি ক্যাম্প ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে সহায়তা করে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন