নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কিশোরগঞ্জে যৌথবাহিনীর বিশেষ মহড়া
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে কিশোরগঞ্জে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের সমন্বয়ে যৌথবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ঐতিহাসিক গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে যৌথবাহিনীর এই মহড়া শুরু হয়ে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে বিভিন্ন পয়েন্টে প্রদক্ষিণ করে একেই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. শরিফুল হক, কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যাতে শান্তিপূর্ণ পরিবেশে পছন্দ মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটারদেরকে নিরাপত্তা প্রদানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় থাকবে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ বরদাস্ত করা হবে না। ভোটের সার্বিক নিরাপত্তার প্রস্তুতিস্বরূপ আজকের এই মহড়ার আয়োজন।
মহড়ায় সেনা, পুলিশ, বিজিবি, র্যাব সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



