তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর বলেছেন, জাতীয় সরকার গঠন হলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গলাচিপা হাই স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, “দশমিনা ও গলাচিপাকে আর পিছিয়ে থাকতে দেওয়া যাবে না। বহুদিন ধরে এই জনপদ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার গঠনে ভূমিকা রাখতে চাইলে আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক মার্কায় ভোট দিতে হবে।”
তিনি আরও বলেন, এলাকার মানুষের হাতে বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যৎ দুর্ভোগে সীমাবদ্ধ থাকবে। তরুণদের চাকরির সুযোগ এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।
ভিপি নুর বলেন, “আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, জনগণের অধিকার ও উন্নয়নের জন্য রাজনীতি করি। নির্বাচিত হলে দশমিনা ও গলাচিপাকে একটি পরিকল্পিত ও উন্নত জনপদে রূপ দিতে সর্বোচ্চ চেষ্টা করব।”
জনসভায় বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নূরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।



