ভোট দিতে গ্রামে ফিরছেন পোশাকশ্রমিকেরা, গাজীপুর মহাসড়কে যানজটে ভোগান্তি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি পাওয়ায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদের মতো ভিড় সৃষ্টি হয়েছে। গাজীপুরের কয়েক লাখ পোশাকশ্রমিক এবং উত্তরাঞ্চলের মৌসুমি কৃষিশ্রমিক ভোট দিতে বাড়ি ফেরায় যানজট চরম আকার ধারণ করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার বিকেল থেকেই ছুটি শুরু হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেড়ে গেছে। টানা থেমে থেমে যান চলাচল হওয়ায় অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে গাজীপুরের চন্দ্রা, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ী এলাকায় বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চন্দ্রা থেকে বাড়ইপাড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছিল।
বাড়ি ফিরতে গিয়ে পোশাকশ্রমিক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন, অনেকে অভিযোগ করেছেন অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। টাঙ্গাইলের পোশাকশ্রমিক ফরহাদ হোসেন বলেন, ভোট দেওয়ার জন্য রওনা দিয়েছি, কিন্তু চন্দ্রা মোড়েই এক ঘণ্টা আটকে আছি। কখন পৌঁছাব জানি না।
কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম জানান, নির্বাচনের কারণে পুলিশদের বড় অংশ নির্বাচনী দায়িত্বে থাকায় মহাসড়কে পর্যাপ্ত জনবল মোতায়েন করা সম্ভব হয়নি। স্বল্প জনবল দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।



