প্রচারণা শেষ দিনে পাকুন্দিয়ায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মানুষের ঢল
কিশোরগঞ্জ প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ এএম
প্রচারণার শেষ দিনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়লের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল নামে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে পাকুন্দিয়া উপজেলা সদরের কোর্ট বিল্ডিং মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়।
মিছিলটি সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা কোর্ট বিল্ডিং মাঠে এসে একত্রিত হন।
সমাবেশে বক্তারা বলেন, গতানুগতিক ক্ষমতার রাজনীতির বাইরে গিয়ে তারা জনগণের সেবা করতে চান। পাকুন্দিয়া কটিয়াদীবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত করতে হলে সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। মাওলানা শফিকুল ইসলাম মোড়ল একজন পরিচ্ছন্ন মানুষ। তাকে আপনাদের ভোটে জয়ী হয়ে সংসদে গিয়ে কিশোরগঞ্জ-২ আসনের জন্য কাজ করবেন।
সমাবেশে বক্তব্যে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল বলেন, “মানুষ আজ ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিতার পক্ষে দাঁড়িয়েছে। দাঁড়িপাল্লা প্রতীক সেই ন্যায়ের প্রতীক। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ দুর্নীতি, সন্ত্রাস ও অব্যবস্থাপনার বিরুদ্ধে তাদের রায় দেবে। আমি সকল ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
গণমিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, এনসিপির কেন্দ্রীয় সংগঠক সাঈদ উজ্জ্বল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাহমুদুল হাসান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর জব্বার, সেক্রেটারি আ ন ম আব্দুল্লাহ মমতাজ এবং জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফকির মাহবুবুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।



