যোগ্য নেতৃত্বের অভাবে কুড়িগ্রামের উন্নয়ন ঠিকভাবে হয়নি: কায়কোবাদ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪২ পিএম
কুড়িগ্রাম-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেছেন, একটি সুষ্ঠু ভোটের জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। দীর্ঘদিন পর কুড়িগ্রামের মানুষ জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতীক পেয়েছে। ধানের শীষ মানেই তারেক রহমানের মার্কা। আপনারা এতোদিন সুখে-দুঃখে আমার পাশে ছিলেন, আগামী দিনেও থাকবেন।
কায়কোবাদ আরও বলেন, যোগ্য নেতৃত্বের অভাবে কুড়িগ্রামের উন্নয়ন ঠিকভাবে হয়নি। নির্বাচিত হলে বেকার সমস্যা নিরসন, নদী শাসন, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনা হবে—ইনশাল্লাহ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবও উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা জানান, চরাঞ্চলসহ জেলার অনেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আমরা এগুলো পর্যবেক্ষণ করেছি এবং আমাদের প্রস্তুতি রয়েছে। নেতা-কর্মীরা এসব কেন্দ্রে নজর রাখবেন, তৎসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, ভোটের মাঠে আপনারাও থাকবেন। আশা করি সম্মিলিত প্রচেষ্টায় একটি ভালো ভোট হবে। এক প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অসহযোগিতা পাইনি। তবে দীর্ঘ ১৬ বছর প্রশাসন থেকে দূরে থাকার কারণে তাদের সঙ্গে সমন্বয় করতে কিছুটা সময় লাগছে।



