কক্সবাজারে অজ্ঞাত ভিক্ষুকের মরদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি :
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
কক্সবাজারের কলাতলী থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি এই বৃদ্ধ একজন ভিক্ষুক, যাকে স্থানীয়রা ওই এলাকায় ভিক্ষা করতে দেখেছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কলাতলী এলাকায় হোটেল ডিভাইন ইকোর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি মোহম্মদ ছমি উদ্দিন।
তিনি আরও বলেন, স্থানীয়রা ওই বৃদ্ধকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃত বৃদ্ধ ব্যক্তি দীর্ঘদিন ধরে প্যারালাইসড আক্রান্ত এবং বিভিন্ন স্থানে ভিক্ষা করে জীবনযাপন করতেন। জীবদ্দশায় তিনি নিজের বাড়ি যশোর বলে স্থানীয়দের জানিয়েছিলেন, তবে তার প্রকৃত নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



