রাঙামাটির দুর্গম এলাকায় হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙামাটি-২৯৯ আসনের দুর্গম চার উপজেলার ২০টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এসব কেন্দ্রে ব্যালট বক্সের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও পৌঁছে দেওয়া হচ্ছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী জানান, শনিবার থেকে চার উপজেলার দুর্গম ৯টি ইউনিয়নের ২০টি ভোটকেন্দ্রে সরঞ্জাম ও জনবল পরিবহন কার্যক্রম শুরু হয়েছে। সড়ক ও নৌপথে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা না থাকায় এসব কেন্দ্রকে ‘হেলিসর্টি ভোটকেন্দ্র’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ১২ জন।
তিনি আরও জানান, ইতোমধ্যে বরকল উপজেলার ২টি, জুরাছড়ি উপজেলার ২টি এবং বিলাইছড়ি উপজেলার ১টি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। বাকি ১৫টি কেন্দ্রে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে সরঞ্জাম পাঠানো হবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রাঙামাটির ১৬১টি ভোটকেন্দ্রে মোবাইল নেটওয়ার্ক নেই এবং ৩৬টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। ফলে নির্বাচন পরিচালনায় অতিরিক্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে নির্বাচন কমিশনকে।



