নরসিংদী-১ আসনের খায়রুল কবির খোকনের নির্বাচনী ইশতেহার ঘোষণা
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-১ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নরসিংদীর চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার তুলে ধরেন।
আধুনিক ও পরিকল্পিত নরসিংদীর রূপরেখা তোলে ধরে খায়রুল কবির খোকন তার ইশতেহারে নরসিংদীকে একটি আধুনিক, মানবিক ও পরিকল্পিত জেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, নির্বাচিত হলে তার প্রধান লক্ষ্য হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি উন্নত ও বাসযোগ্য শহর নিশ্চিত করা। তিনি নরসিংদী পৌরসভাকে সিটি করপোরেশন ও মাধবদী পৌরসভাকে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করণে মাষ্টার প্ল্যান গ্রহণ করা হবে বলে জানান।
শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব
শিক্ষা খাতের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ কারিগরি ও প্রযুক্তি শিক্ষার সুযোগ ব্যাপকভাবে বৃদ্ধি করা হবে। বেকারত্ব দূর করতে এবং যুবকদের স্বাবলম্বী করতে কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র তৈরির ওপর জোর দেন তিনি।
স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপন, আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়।
ইশতেহারে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়। এছাড়া কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ সহায়তা এবং গত জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের সুচিকিৎসা ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের বিষয়টিও বিশেষ গুরুত্বের সাথে স্থান পেয়েছে।
ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান করে বক্তব্যের শেষে খায়রুল কবির খোকন বলেন, আমি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ নরসিংদী গড়তে চাই। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি আগামী নির্বাচনে ভোটারদের ধানের শীষ' প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি জলিল, একেএম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।



