বগুড়ার শেরপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন, তদন্তে পুলিশ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম
বগুড়ার শেরপুর-ধুনট-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মো. সিরাজের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) উপজেলার গাড়িদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালসীমাটি গ্রামে রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে দুর্বৃত্তরা এ আগুন দেয় বলে জানা গেছে।
অগ্নিসংযোগের ঘটনায় বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুর থানার ওসি মো. ইব্রাহিম আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অফিসের সামনে চা দোকানদার মো. মিন্টু মিয়া জানান, রাত ২টা পর্যন্ত তিনি দোকানে ছিলেন এবং তখন নির্বাচনী প্রচার অফিসের ভেতরে লাইট জ্বলছিল। পরে তিনি বাসায় চলে গেলে রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে কোনো এক সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজার রহমান দুলাল বলেন, আগের দিন স্থানীয় একটি বিদ্যালয় মাঠে তাদের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে ধানের শীষের প্রার্থী গোলাম মো. সিরাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পথসভায় বিপুলসংখ্যক কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারের উপস্থিতি ছিল বলেও তিনি দাবি করেন। এ সময় প্রতিপক্ষ একটি রাজনৈতিক দলের কর্মীরা উসকানিমূলক স্লোগান দিয়ে মোটরসাইকেলে পাঁয়তারা করছিল বলে অভিযোগ করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান।
উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, পথসভায় জনসমাগম দেখে প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে ভোট বানচালের চেষ্টা করছে। তিনি প্রশাসনের কাছে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



