দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে বগুড়া সদরে জামায়াতের মহিলা বিভাগের মিছিল
বগুড়া প্রতিনিধি :
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে রাজপথে নেমেছে জামায়াতের মহিলা বিভাগ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বগুড়া পৌর পার্কে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন শহর মহিলা বিভাগের সেক্রেটারি ফজিলাতুন্নেসা হাসি। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নী। সমাবেশে বক্তব্য দেন জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, কেন্দ্রীয় মহিলা বিভাগের নেত্রী সাজেদা সামাদ এবং শহর জামায়াতের সেক্রেটারি ও বগুড়া-৬ সদর আসনের পরিচালক অধ্যাপক আ স ম আব্দুল মালেক।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা বিভাগের নেত্রী বিলকিস বেগম, আম্বিয়া বেগম, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জোবায়দা খাতুন, শিরিন আক্তার, মুঞ্জুআরা মুন্নী, নুসরাত জাহান, রুমা খাতুন, কাঞ্চন বেগমসহ অন্যান্য নেত্রীরা।
সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, জামায়াত ক্ষমতায় গেলে বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে।
তিনি বলেন, সব পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও সুশাসন নিশ্চিত করা হবে।



