ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে পাঁচদিন সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষে পরবর্তী ৪৮ ঘণ্টা— অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো জনসভা, অনুষ্ঠান, মিছিল বা শোভাযাত্রা আয়োজন কিংবা তাতে অংশগ্রহণ করা যাবে না।
এতে আরও উল্লেখ করা হয়, একই আদেশের অনুচ্ছেদ ৭৮ (১ ক) অনুযায়ী উল্লিখিত সময়ে কেউ আক্রমণাত্মক কার্যকলাপ বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না। ভোটার বা নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিদের হুমকি দেওয়া, ভয়ভীতি প্রদর্শন, অস্ত্র বা শক্তি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
বিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বনিম্ন ২ বছর থেকে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের মুখোমুখি হতে হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।



