কিশোরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২ পিএম
আনন্দ ও উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদী মসজিদের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন ও সেক্রেটারি ফকির মাহবুবুল আলম।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জড়ো হন। পরে সেখান থেকে একযোগে র্যালি বের করে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করা হয়।
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাহমুদুল হাসান, সাবেক জেলা সভাপতি আব্দুস সাত্তার, খালেদ হাসান জুম্মন, আলী কাওসার রানী, আবু নাসের মু নঈম, শাহরিয়ার মাহমুদ শাকিলসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের অগ্রনায়ক শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এখন সময়ের দাবি। তাদের অভিযোগ, দীর্ঘদিনেও এই হত্যার বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, তেমনি আগামী ১২ তারিখের গণভোটেও জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে তাদের অবস্থান জানাবে। তারা আশা প্রকাশ করেন, গণভোট ও সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে এবং জনগণের রায়ের মাধ্যমে অন্যায় ও দুষ্কর্মের বিরুদ্ধে সুস্পষ্ট বার্তা পৌঁছে যাবে।



