ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ এএম
বগুড়ার শেরপুর উপজেলার উলিপুর গ্রামে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মোঃ সজিব (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (০৪ জানুয়ারী) দিবাগত রাত ৩ টার সময় ঘটনাটি ঘটে। নিহত সজিব একই গ্রামের ফজলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সজিব পাশের বাড়ির একটি ডাব গাছে উঠে ডাব পাড়ার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, সজিব চুরি করে ডাব পাড়তে গিয়েই এ দুর্ঘটনার শিকার হন।
ঘটনার বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ব্যক্তি মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।



