Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আতিক গ্রেফতার

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম

বগুড়ায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আতিক গ্রেফতার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, ম্যাগাজিন ও দেশীয় অস্ত্রসহ নুরু বাহিনীর সদস্য ও শীর্ষ সন্ত্রাসী আতিক হাসান (৩০) কে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত উপজেলার সাবরুল ইউনিয়নের বাগিনাপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এলাকায় নাশকতা চালানোর উদ্দেশ্যে এসব অস্ত্র ও গোলাবারুদ মজুদ করা হয়েছিল। গ্রেফতার আতিক শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পলাতক সাধারণ সম্পাদক নুরুজ্জামান ওরফে নুরুর নেতৃত্বাধীন ‘নুরু বাহিনী’র সক্রিয় সদস্য।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হলে আতিক সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির ছাদ টপকে পালানোর চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার হেফাজত থেকে ব্রিটিশ বুলডগ মডেলের একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড তাজা গুলি, দুটি ম্যাগাজিন এবং ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 থানার উপ-পরিদর্শক আল আমিন বলেন, গ্রেফতার আতিকের বিরুদ্ধে অস্ত্র মামলা, হত্যা চেষ্টা এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া একটি মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, এর আগেও চলতি মাসের ১৫ ও ২৮ জানুয়ারি শাজাহানপুরের একই এলাকায় পৃথক অভিযানে চারজনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে সেনাবাহিনী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন