সিগারেটের আগুনে তুষবোঝাই ট্রাকে অগ্নিকাণ্ড
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ার শেরপুরে তুষবোঝাই ঢাকা মেট্রো-ড-১৪-১৬৬৯ রেজিস্ট্রেশনকৃত একটি মাজদা ট্রাকে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দ্রুত উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রাকটি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার সময় শেরপুর শহরের শেরুয়া বটতলা এলাকা থেকে দেড় শতাধিক বস্তা তুষ বোঝাই করে মহাসড়ক দিয়ে রওনা দেন ট্রাকচালক মিন্টু মিয়া। পথিমধ্যে চালকের আসনের কাছে আগুনের সূত্রপাত ঘটে। ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকেই বস্তায় আগুন ধরে যায় এবং দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি বুঝতে পেরে চালক ছোনকা আন্ডারপাস ব্রীজের সাইডে ট্রাকটি থামিয়ে দেন। এসময় ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানি নিয়ে ছুটে এসে আগুন নেভাতে সহায়তা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
ট্রাকচালক মিন্টু মিয়া স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সব কিছুর মালিক মহান আল্লাহ। স্থানীয় মানুষ দ্রুত এগিয়ে না এলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।” তিনি আরও জানান, তুষবোঝাই ট্রাকটি ছোনকার মজুমদার ফিড মিলে যাওয়ার কথা ছিল।
ঘটনাটি এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি করলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। স্থানীয়রা জানান, সচেতনতা ও দ্রুত পদক্ষেপের কারণেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।



