দুই দশক পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বরিশালে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে অবতরণ করেন। প্রায় ২০ বছর পর এটি তার প্রথম বরিশাল সফর।
তার আগমনকে ঘিরে সকাল থেকেই বেলস পার্ক ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। বরিশাল বিভাগের ছয় জেলা থেকে লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ সেখানে জড়ো হন। স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, মঞ্চে তারেক রহমানের উপস্থিতি দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটাবে।
বিএনপি চেয়ারম্যান সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। দীর্ঘ বিরতির পর এবার চেয়ারম্যান হিসেবে বরিশালে আসায় দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন দলীয় নেতারা।
হেলিকপ্টার থেকে নামার পর বরিশাল বিভাগ ও জেলা বিএনপির শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। তার সফরকে কেন্দ্র করে প্রশাসনও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বেলস পার্ক মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নজরদারিতে রয়েছেন।
বরিশাল মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা জানান, প্রায় দুই দশক পর দলীয় প্রধানকে সরাসরি দেখার সুযোগ পাওয়া তাদের জন্য আবেগঘন ও অনুপ্রেরণামূলক মুহূর্ত। তাদের মতে, এই জনসমাবেশ শুধু রাজনৈতিক কর্মসূচি নয়; এটি দলের শক্তি, ইতিহাস ও পুনরুত্থানের প্রতীক।
বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের সমন্বয়ে এটিকে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় নির্বাচনী সমাবেশে রূপ দিতে প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকদের হিসাবে প্রায় ১০ লাখ মানুষের অংশগ্রহণ ধরে পরিকল্পনা সাজানো হয়েছে এবং প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ও চলছে।



