Logo
Logo
×

সারাদেশ

বগুড়া-২ আসনে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

Icon

বগুড়া প্রতিনিধি :

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম

বগুড়া-২ আসনে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

ছবি : সংগৃহীত

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামানের বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে তার মনোনয়ন বাতিলের আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) একই আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে বলা হয়, আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান বর্তমানে দেউলী আলিম মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী নির্বাচনী প্রচারণা শুরুর আগেই এ ধরনের পদ থেকে পদত্যাগ করা বাধ্যতামূলক হলেও তিনি তা করেননি। বরং মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় বিষয়টি উল্লেখ না করে তথ্য গোপন করেছেন বলে অভিযোগে দাবি করা হয়।

লিখিত অভিযোগে নির্বাচন কমিশনের পরিপত্র-৪ এর ধারা ২০-এর উপধারা (ঘ) উল্লেখ করে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি পদে থেকে নির্বাচনে অংশ নেওয়া আইনবিরোধী। এ অবস্থায় সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়নপত্র আইনগতভাবে বাতিলযোগ্য বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু বলেন, নির্বাচনী আইন লঙ্ঘনের কারণেই আমি অভিযোগ করেছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। উপজেলা থেকে অভিযোগটি অফিসিয়ালি এলে তা নির্বাচন কমিশনে পাঠানো হবে। বর্তমানে রিটার্নিং কর্মকর্তার হাতে প্রার্থিতা বাতিলের কোনো সুযোগ নেই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন