Logo
Logo
×

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত

Icon

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম

সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত

জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় এস এম তোজাম্মেল হোসেন নামের ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তা নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে বালিজুড়ী-ভাটারা প্রধান সড়কের পলিশা ব্রিজের কাছে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এস এম তোজাম্মেল হোসেন উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফকিরপাড়া এলাকার মৃত অসি ফকিরের ছেলে। তিনি সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, তোজাম্মেল ইউনিয়ন পরিষদের কাজ শেষে মোটরসাইকেলে করে পরিষদ থেকে বালিজুড়ী তার বাসায় ফিরছিলেন। আনুমানিক বিকেল ৪টার দিকে পলিশা ব্রিজ পার হলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংর্ঘষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরই পালিয়ে যায় অপর মোটরসাইকেলের চালক।

আদারভিটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেজওয়ান পারভেজ সেমি বলেন, সারাদিন ইউনিয়ন পরিষদের কাজ শেষে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। অ্যাম্বুলেন্সের মাধ্যমে তোজাম্মেলের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। আমরা গভীর শোক প্রকাশ করছি।

মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে  প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন