শেরপুরে মোবাইল বিস্ফোরণে অগ্নিকাণ্ড, ক্ষতি ৩৫ লক্ষ টাকা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ার শেরপুর পৌর শহরে মোবাইল ফোন বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি পরিবারের চার কক্ষের বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর পৌর শহরের টাউন কলোনী মহল্লায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম খোকন। তিনি শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির শেরপুর কার্যালয়ে ইলেকট্রিশিয়ান পদে কর্মরত বলে জানা গেছে।
খোকন জানান, তার বাড়ির একটি মুঠোফোন বিদ্যুতের চার্জে দেওয়া ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ চার্জে থাকা অবস্থায় ফোনটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চার্জিং স্থানের আশপাশে থাকা শুকনো কাপড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে এবং দ্রুত তার বসতঘরের চারটি কক্ষ আগুনে জ্বলে ওঠে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, টিভি, ফ্রিজ, ফার্নিচার, স্বর্ণালংকারসহ ঘরে থাকা নগদ প্রায় ৫০ হাজার টাকা পুড়ে গেছে। সবমিলিয়ে প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় পাঁচজন বাসিন্দা জানান, আগুন লাগার খবর পেয়ে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে আগুনের সূত্রপাত বিদ্যুৎ থেকে হওয়ায় ঝুঁকির কারণে কেউ ঘরের ভেতরে প্রবেশ করতে সাহস পাননি। বাইরে থেকেই পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হয়।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং বগুড়া শহর থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



