কিশোরগঞ্জ-১ আসনে চুন্নুর মোরগ প্রতীকের সমর্থনে সমাবেশ
কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খান চুন্নুর মোরগ প্রতীকের সমর্থনে সমাবেশ ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে যোগ দেন। এ সময় ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিশাল গণমিছিল বের করেন। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। গণমিছিলে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খান চুন্নু বলেন, “কেউ আমাদের ভয় দেখালে আমরা তাদের ভালোবেসে বলব, ভালো পথে আসুন। যারা ভয়-ভীতি দেখায়, জনগণ যদি ক্ষিপ্ত হয় তাহলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না।”
কিশোরগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খান চুন্নু বলেন, প্রিয় কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরবাসী আপনাদের ভালোবাসা আর উপস্থিতি আমাকে সাহস দেয়, শক্তি দেয়। আজকের এই সমাবেশ প্রমাণ করে, মানুষ পরিবর্তন চায়, মানুষ শান্তি চায়, মানুষ তাদের অধিকার ফিরে পেতে চায়।
রেজাউল করিম খান চুন্নু আরও বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা কোনো সংঘাত চাই না। কেউ আমাদের ভয় দেখাতে এলে আমরা তাদের বলব, ভালো পথে আসুন। কারণ আমরা বিশ্বাস করি, ভয় নয়—ভালোবাসা দিয়েই মানুষের মন জয় করা যায়। কিন্তু যারা ভয়-ভীতি দেখিয়ে জনগণকে দমিয়ে রাখতে চায়, জনগণ যদি একবার ক্ষিপ্ত হয়, তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। এই নির্বাচনে আমার প্রতীক মোরগ। এই মোরগ প্রতীক জাগরণের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক।
রেজাউল করিম খান চুন্নু বলেন, আমি কথা দিচ্ছি, আপনাদের ভোটে নির্বাচিত হলে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরকে একটি উন্নয়নমুখী, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন এলাকায় পরিণত করতে কাজ করব। আমি আপনাদের সন্তান। আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব। আসুন, আমরা সবাই মিলে ভয়-ভীতি, সন্ত্রাস আর অন্যায়ের রাজনীতি থেকে বের হয়ে একটি সুন্দর কিশোরগঞ্জ গড়ে তুলি।
মোরগ প্রতীকে ভোট দিন। আপনার ভোটই হোক পরিবর্তনের শক্তি।



