Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় হিমাগারের ছাদ ধসে শ্রমিক নিহত, আহত ৪

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ এএম

বগুড়ায় হিমাগারের ছাদ ধসে শ্রমিক নিহত, আহত ৪

বগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণাধীন একটি হিমাগারের ছাদ ধসে আমিনুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন শ্রমিক আহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা এলাকার পল্লী মঙ্গল সমিতির ডোবা জমিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। আহত শ্রমিকদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যার পর হিমাগারটির ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। হঠাৎ ছাদ ধসে পড়লে চারজন শ্রমিক গুরুতর আহত হন। তারা কোনোভাবে বেরিয়ে আসতে পারলেও আমিনুল ইসলাম কাঁচা ঢালাই ও রডের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় তিন ঘণ্টা পর রাত ১০টার দিকে ভাঙা ছাদ ও ভীম সরিয়ে আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কর্তৃপক্ষের অবহেলার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর হিমাগার কর্তৃপক্ষের কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে এক শ্রমিক নিখোঁজের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন