আল্লাহর পরে রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস জনগণ: খোকন
নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম
ছবি : যুগেরচিন্তা
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, দেশ ও সার্বভৌমত্বের মালিক জনগণ। আল্লাহর পরে রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস জনগণ। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ পরিচালনা করবেন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, দেখে বুঝে যোগ্য ব্যক্তিকে দিব। তাহলে কোনদিন আমানতের খেয়ানত হবে না। যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, অতীতে দেশ চালানোর অভিজ্ঞতা আছে তাদেরকে নির্বাচিত করতে হবে।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের পুরানপাড়া ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রারণা, গণসংযোগ ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, যারা ৪/৫টা আসনও পাবে না তারা বিভিন্ন জেলায় মানুষকে বিভ্রান্ত করে ভয়ভীতি দেখাচ্ছে। তারা নির্বাচনে কারচুপি করার চিন্তা ভাবনা করছে। কোন কারচুপি ও ইঞ্জিনিয়ারিং করে কোন লাভ হবে না। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। নির্বাচন সুষ্ঠু হবে। জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হবে। তাই কোন চক্রান্ত ষড়যন্ত্র করে রেজাল্ট ভিন্নখাতে প্রবাহিত করার কোন সুযোগ নাই।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ গণহত্যা করেছে, মানবাধিকার বিরোধী কাজ করেছে এবং দেশের মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। এদেশের সরকার ও জনগণ সম্মিলিতভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না। দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থ আন্দোলন ও ত্যাগ যে দল করেছে, তা হলো বিএনপি। জুলাই-আগস্টের আন্দোলনে বিএনপি পরিবারের ৪৩২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। বহু নেতাকর্মী জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন।
এসময় নির্বাচনী প্রারণা, গণসংযোগ ও উঠান বৈঠকে সাথে ছিলেন জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়াসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



