বগুড়ায় ২৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন
বগুড়া প্রতিনিধি :
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত এবং ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বগুড়া মহিলা কলেজ চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম।
তিনি বলেন, নওগাঁ ব্যাটালিয়নের আওতাধীন দুই জেলার ১৬ উপজেলার ১০টি সংসদীয় আসনে মোট ১৬টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পে দায়িত্ব পালন করছেন ৩৩ প্লাটুন বিজিবি সদস্য। এর মধ্যে শুধু বগুড়া জেলায় ১২ উপজেলায় ১২টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখানে দায়িত্বে রয়েছেন ২৪ প্লাটুন বিজিবি সদস্য।
লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ড্রোন, নাইট ভিশন ও থার্মাল ডিভাইস ব্যবহারের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক চেকপোস্ট বসানো হয়েছে।
তিনি বলেন, গত এক মাসে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন টিম এবং কুইক রেসপন্স ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।



