Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় পাথরবোঝাই ট্রাকের পেছনে ইটবাহী ট্রাকের ধাক্কা, ব্যবসায়ী নিহত

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম

বগুড়ায় পাথরবোঝাই ট্রাকের পেছনে ইটবাহী ট্রাকের ধাক্কা, ব্যবসায়ী নিহত

বগুড়ার শিবগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে ইটবাহী ট্রাকের ধাক্কায় শামীম হাসান নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মোকামতলার লস্করপুর এলাকায় বগুড়া–রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম হাসান (৫০) শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে খোয়া ব্যবসার পাশাপাশি পশুচিকিৎসকের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা এলাকার একটি ইটভাটা থেকে খোয়া নিয়ে চন্ডিহারা দিকে যাচ্ছিলেন শামীম হাসান। এ সময় তিনি ইটবাহী ট্রাকের চালকের পাশের সিটে বসা ছিলেন। ট্রাকটি মোকামতলার লস্করপুর এলাকায় পৌঁছালে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ইটবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং শামীম হাসান গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের এসআই শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই ইটবাহী ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন