তারেক রহমানের উপহার পাওয়া দৃষ্টিপ্রতিবন্ধীর বাড়িতে হামলা ও লুটপাট
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ এএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহার পাওয়া রাজবাড়ী সদর উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পাচুড়িয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, এ ঘটনায় গফুর মল্লিকের পালক ছেলে বাতেন মল্লিক সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে নান্নু শেখ, সাদ্দাম শেখ, রেজাউল ইসলাম নাজিরসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাতেন মল্লিকের অভিযোগ অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার পর দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে রাখা ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
উল্লেখ্য, ৭৫ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিক দীর্ঘদিন ধরে বাস ও ট্রেনে নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার সংগ্রামী জীবনের প্রতি সম্মান জানিয়ে গত ৩০ অক্টোবর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে এক লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।



