বগুড়ায় নিজ বাড়ির গেটের সামনে থেকে সজীব মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সারিয়াকান্দিতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের তালতলা গ্রামে এ ঘটনা ঘটে। সজীব মিয়া তালতলা গ্রামের শরিফ উদ্দিনের ছেলে। তার কপালে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এটি হত্যাকাণ্ড, নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা এখনও নিশ্চিত নয়।
স্থানীয়রা জানান, এইচএসসি পাস করার পর সজীব মাদকাসক্ত হয়ে পড়ে। প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় তাকে বাড়ির আশপাশে ঘুরতে দেখা যেত। শনিবার রাতেও সে অস্বাভাবিক আচরণ করে বলে জানান এলাকাবাসী। রবিবার ভোরে সজীবের বাবা নামাজ পড়তে বের হলে তাকে বাড়ির গেটের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, সজীব মিয়ার মরদেহ তার বাড়ির গেটের সামনে পড়ে ছিল। কপালে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



