যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবকের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পিএম
রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর সিটি গলির পাশে দুর্বৃত্তদের গুলিতে মারুফ হোসেন দুঃখু (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে ঘটনাটি ঘটে। পরবর্তীকালে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নিহত মারুফ ধলপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ছিল। তিন ভাই ও এক বোনের মধ্যে মারুফ ছিল সবার ছোট।
নিহত মারুফের স্ত্রী মিম জানান, তার স্বামী সায়দাবাদ মালঞ্চ সেন্টারের পাশে একটি গলিতে পাতিল ফ্যাক্টরিতে কাজ করত। সন্ধ্যায় কাজ থেকে ফিরে বাসার পাশেই সিটি পল্লীর মাঠে দাঁড়িয়ে ছিল। সেখানেই দুর্বৃত্তরা তাকে গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।
কান্না জড়িত কণ্ঠে মিম বলেন, ‘আমার স্বামী অনেক ভালো ছেলে সে কারো সাথে কোন দ্বন্দ্ব বা ঝামেলায় জড়ায় না। কারা কি কারণে আমার স্বামীকে গুলি করে হত্যা করলো সে বিষয়টি বলতে পারছি না।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।



