Logo
Logo
×

রাজধানী

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জমি-সংক্রান্ত বিরোধের ইঙ্গিত, গ্রেফতার ৩

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জমি-সংক্রান্ত বিরোধের ইঙ্গিত, গ্রেফতার ৩

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজে অবস্থিত স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের সূত্র থাকতে পারে বলে ধারণা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহিদুল ইসলাম।

তিনি বলেন, শনিবার গভীর রাতে একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে এসে ভাঙচুর চালায়। খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে দুজনকে আটক করে। পরে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

পুলিশ কর্মকর্তা জানান, হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল কাজ করছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেফতার ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তিনি বলেন, আটক তিনজনের মধ্যে একজন মামুন, যার বাড়ি গফরগাঁও এবং তিনি ভাসানটেক বস্তিতে বসবাস করেন। আরেকজন আসলাম, তার বাড়ি টাঙ্গাইলে এবং তিনি পেশায় অটোরিকশাচালক। তৃতীয় ব্যক্তি মুন্নাও ভাসানটেক এলাকায় থাকেন।

হামলার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে মাহিদুল ইসলাম বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে ঘটনাস্থল, সময় এবং সংঘবদ্ধভাবে হামলার ধরন বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি জমি বা আবাসন-সংক্রান্ত কোনো বিরোধের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

তিনি আরও বলেন, চাঁদা দাবির কোনো অভিযোগ বা তথ্য এখন পর্যন্ত পুলিশের কাছে আসেনি। প্রাথমিক তদন্তে জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টিই বেশি গুরুত্ব পাচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

ডিএমপির এ কর্মকর্তা জানান, ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন