Logo
Logo
×

রাজধানী

পল্টন-গুলিস্তান-নর্থ সাউথ রোড হকারমুক্ত ঘোষণা

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পিএম

পল্টন-গুলিস্তান-নর্থ সাউথ রোড হকারমুক্ত ঘোষণা

রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ককে হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ এলাকায় কোনো অবস্থায় হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হকারমুক্ত ঘোষিত এলাকা পরিদর্শনে গিয়ে এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়কে হকার বসার কোনো সুযোগ থাকবে না। নির্দেশনা অমান্য করে কেউ ব্যবসা পরিচালনার চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসক জানান, হকার সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফা আলোচনা হয়েছে এবং তারাও স্বেচ্ছায় এসব গুরুত্বপূর্ণ সড়ক ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নগরবাসীর চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শুধুমাত্র রমনা ভবনসংলগ্ন পূর্ব পাশের ফুটপাতে পথচারীদের চলাচলের পর্যাপ্ত জায়গা রেখে নির্ধারিত নিয়ম অনুযায়ী নিবন্ধিত ও সীমিত সংখ্যক হকার ব্যবসা পরিচালনা করতে পারবেন।

স্থান, সময়, নিবন্ধন এবং নির্ধারিত সংখ্যার বাইরে কোনো হকারকে বসতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

হকারদের নিবন্ধন ফি কমানোর দাবির বিষয়ে আবদুস সালাম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ইতোমধ্যে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিদর্শনকালে তিনি এক ঘণ্টার বেশি সময় ধরে পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রম তদারকি করেন।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং হকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন