নয়াবাজারে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান ২২টি রিকশা ডাম্পিং
আরাফাত হোসেন
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পিএম
নয়াবাজারে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
রাজধানীর পুরান ঢাকার নয়াবাজার এলাকায় নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে আইন অমান্য করে রাস্তায় চলাচল করা ২২টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।
আজ (রবিবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রাজধানীর মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা অমান্য করে পুরান ঢাকার ব্যস্ততম নয়াবাজার, বাবুবাজার ও এর আশেপাশের এলাকায় এসব ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল করছিল। এতে তীব্র যানজটের পাশাপাশি প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছিল। জনসাধারণের নিরাপত্তা ও যানজট নিরসনে নয়াবাজার ট্রাফিক পুলিশের সমন্বয়ে এই অভিযান চালানো হয়।

কোতোয়ালি জোনের এসি মঞ্জুরুল ইসলাম জানান, "জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং যানজট মুক্ত রাখতে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে আমাদের এই নিয়মিত অভিযান। নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে ২২টি অটোরিকশা ডাম্পিং করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
এদিকে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীরা। তারা জানান, এই অভিযানের ফলে নয়াবাজার মোড়ের দীর্ঘদিনের যানজট অনেকটাই কমে আসবে।



