ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ ৯ জন গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম
রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় নয় সদস্যের একটি ডাকাত দলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে তিনজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য রয়েছেন, যাদের কেউ কেউ অতীতে র্যাবেও কর্মরত ছিলেন।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন— তানভীর আবেদীন (জুই) (৪১), মো. মজিবুর রহমান (৬০), মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০), মো. সোলায়মান মৃধা (৫৫), মোহাম্মদ কবির হোসেন (৫০), আবুল কালাম আজাদ (৫০), মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিন (৪০) এবং সজল চৌধুরী (৩১)।
পুলিশ জানায়, গত ৩০ আগস্ট দুপুরে ধানমন্ডি মডেল থানাধীন ১২/এ নম্বর সড়কে ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে খোরশেদ আলম নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলেই তানভীর আবেদীন ও মজিবুর রহমানকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের আরও সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় জাকারিয়া হোসেন ওরফে লেলিনের কাছ থেকে ৩ লাখ ৪৫ হাজার ৩৫০ টাকা এবং সজল চৌধুরীর কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। সর্বমোট ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
পলাতক ও অজ্ঞাতনামা ডাকাত সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় একটি ডাকাতি মামলা ও একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।



