মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:১১ এএম
রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি ছাতার ভেতর থেকে এ বস্তু পাওয়া যায়। পরে ঢাকা মহানগর পুলিশের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল সেটি নিষ্ক্রিয় করে। নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।
ডিএমপি সূত্র জানায়, পথচারীরা ছাতার ভেতরে বোমা সদৃশ বস্তু দেখে আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং বোমা নিষ্ক্রিয়কারী দল এসে সেটি নিরাপদে সরিয়ে নেয়।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, উদ্ধারকৃত বস্তুটি আইইডি প্রকৃতির ছিল। কে বা কারা এটি সেখানে রেখেছে তা শনাক্তে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশের লোকজন আতঙ্কে ছুটে পালান।
মতিঝিলের মতো ব্যস্ত এলাকায় বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।



