বৃষ্টিতে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম চড়া, কাঁচা মরিচ ২৮০ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম আকাশচুম্বী হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ১০০ টাকার নিচে এখন প্রায় কোনো সবজি নেই। সবচেয়ে বেশি দাম কাঁচা মরিচের—প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়, কোনো কোনো জায়গায় আবার ৩০০ টাকায়ও পাওয়া যাচ্ছে।
আজকের বাজারে অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি কচুর লতি ১০০ টাকা, বরবটি ১২০ টাকা, গাজর ও করলা ১৩০-১২০ টাকা, শসা ১৪০ থেকে ১৬০ টাকা, আর লাউ বিক্রি হচ্ছে পিসপ্রতি ১০০ টাকায়। এ ছাড়া পেঁপে ৪০ টাকা, চিচিঙ্গা, পটল ও ঢেঁড়স ৮০ টাকা কেজি দামে পাওয়া গেলেও টমেটো ১৬০, উচ্ছে ও গোল বেগুন ১৪০-১৬০ টাকায় উঠেছে।
সাপ্তাহিক ছুটির দিনে মালিবাগ বাজারে কেনাকাটা করতে এসে সরকারি চাকরিজীবী হায়দার আলী বলেন, গত কয়েক দিন ধরেই দাম বাড়ছিল, কিন্তু আজ এসে দেখেছেন আরও বেড়েছে। তার ভাষ্য, এত দাম দিয়ে সবজি কিনে খাওয়া সম্ভব নয়। তিনি প্রশ্ন তোলেন, বর্ষায় দাম কিছুটা বাড়তে পারে, কিন্তু এই বাড়াবাড়ি আর বাজারে নিয়ন্ত্রণের অভাব কীভাবে চলবে?
রামপুরা বাজারের ক্রেতা মাসুদ রানার অভিযোগ, গত কয়েক দিন সবজি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে থাকলেও আজ বেশিরভাগই ১০০ থেকে ১৬০ টাকায় চলে গেছে। তিনি বলেন, সবজিই যদি এত দামে কিনতে হয়, তাহলে মাছ-মাংস কেনা তো দূরের কথা।
বাড়তি দামের কারণ সম্পর্কে শান্তিনগর বাজারের বিক্রেতা নাজিমুদ্দিন বলেন, পাইকারি বাজারে বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমেছে। অনেক জায়গায় কৃষকের জমির সবজি নষ্ট হয়েছে, আবার বৃষ্টির কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় সবজি আসাও কমে গেছে। তার ভাষ্য, বৃষ্টি চলাকালীন দাম আরও বাড়তে পারে, আবহাওয়া স্বাভাবিক হলে আবার কমে আসবে।



