Logo
Logo
×

রাজধানী

মৌচাকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার

Icon

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:১৩ পিএম

মৌচাকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার

রাজধানীর রমনা থানার মৌচাক এলাকার আনারকলি মার্কেটসংলগ্ন একটি গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ছিলেন।

সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নেওয়া মো. মোবারক হোসেন আকাশ জানান, মৌচাকের আনারকলি মার্কেটের সামনে রমনা থানার যুবদলের নেতা লুৎফুরের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল বিল্লাল হোসেনকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তার বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, নিহত বিল্লাল হোসেন মালিবাগের বাগানবাড়ি এলাকার বাসিন্দা এবং পেশায় ইট-বালুর ব্যবসায়ী ছিলেন। তিনি মৃত ইউসুফ তালুকদারের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ঘটনার বিষয়ে ডিএমপির রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাজাহার জানান, সালিশকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলার পরপরই অভিযুক্তরা পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন তালুকদার রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহণের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন