মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০২:০৫ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর রামপুরায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মো. শিহাব হোসেন নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মে) রাতে পাবনার বেড়া থানার খাকছাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাতে রামপুরার বনশ্রী সি-ব্লকের ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা’ থেকে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মো. আব্দুল্লাহ (১০)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিশু আব্দুল্লাহকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার মা টুকু আরা খাতুন বুধবার রামপুরা থানায় শিহাব হোসেন ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।
উপ-কমিশনার হারুন অর রশিদ জানান, লাশের সুরতহাল প্রতিবেদনে পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের লক্ষণ পাওয়া গেছে। মাদ্রাসা কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্যও পাওয়া গেছে। শিশুটি ফাঁস নেওয়ার আগেই অভিযুক্ত শিহাব মাদ্রাসা থেকে বের হয়ে গ্রামের বাড়ি চলে যান। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে জানা গেছে, শিহাব হোসেনের বিরুদ্ধে এর আগে আরও চার ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। এ কারণে মাদ্রাসার পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।



