Logo
Logo
×

রাজধানী

ভারী বৃষ্টিতে রাজধানীজুড়ে জলাবদ্ধতা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০১:১৭ পিএম

ভারী বৃষ্টিতে রাজধানীজুড়ে জলাবদ্ধতা

ছবি : সংগৃহীত

টানা ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শুক্রবার (১ মে) ভোর ৫টার পর থেকে সকাল ৭টা পর্যন্ত অঝোরে বৃষ্টির কারণে নগরীর প্রধান সড়ক ও অলিগলিতে কয়েক ফুট পানি জমে যায়।

মালিবাগ, শান্তিনগর, রাজারবাগ, সায়দাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও–জাহাঙ্গীর গেট নতুন সড়ক, ফার্মগেট–তেজগাঁও, মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, ইসিবি ও কালশিসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে।

তবে সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে কিছু এলাকায় পানি নামতে শুরু করায় জলাবদ্ধতার তীব্রতা কিছুটা কমেছে। তবুও অনেক সড়কে যানবাহন ধীরগতিতে চলছে, আর পথচারীদের চলাচলও সীমিত দেখা গেছে।

ছুটির দিন হওয়ায় সকালে যানবাহনের চাপ তুলনামূলক কম থাকায় ভোগান্তি কিছুটা কম ছিল। তবে সকাল ৮টার পরও একাধিক এলাকায় পানি আটকে থাকতে দেখা যায়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র রাসেল রহমান জানান, বৃষ্টিজনিত অস্থায়ী জলাবদ্ধতা নিরসনে ভোর থেকেই ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে অধিকাংশ সড়ক থেকে পানি নেমে যাবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের ছয় বিভাগে—ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল—ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এ বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে।

গত রোববার থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের কারণে দীর্ঘ সময় ধরে চলা তাপপ্রবাহ কমে গেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

আবহাওয়ার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৬০ মিলিমিটার, আর এর আগের দিন পটুয়াখালীর খেপুপাড়ায় সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন