Logo
Logo
×

রাজধানী

প্রতিমন্ত্রীর গানম্যানের বেপরোয়া তাণ্ডব: সাবেক সেনা কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৪:০১ পিএম

প্রতিমন্ত্রীর গানম্যানের বেপরোয়া তাণ্ডব: সাবেক সেনা কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

রাজধানীর চনখাঁরপুল এলাকায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর গাড়িবহর চলাচলকে কেন্দ্র করে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রতিমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত গানম্যান পুলিশ সদস্য এএসআই রবিউল ইসলামের অপেশাদার আচরণ ও হুমকির মুখে পড়েছেন এক সাবেক সেনা কর্মকর্তা। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

জানা গেছে, গত ১৮ মার্চ ২০২৬, বুধবার আনুমানিক বিকেল ৩টা ৩০ মিনিটে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ তাঁর ব্যক্তিগত গাড়িবহর নিয়ে ঢাকা-চট্টগ্রাম অভিমুখে যাত্রাকালে ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন চনখাঁরপুল ব্রিজের মুখে পৌঁছান। এ সময় প্রতিমন্ত্রীর গাড়ি পারাপারের সুবিধার্থে তাঁর নিরাপত্তায় নিয়োজিত গানম্যান এএসআই রবিউল ইসলাম সাধারণ যানচলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেন।

এদিকে একই সময়ে ব্রিজে ওঠার জন্য নিজ ব্যক্তিগত গাড়িতে অপেক্ষা করছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ (অব.), যিনি এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তাঁর সঙ্গে গাড়িতে তাঁর বৃদ্ধ বাবা-মাও ছিলেন। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় তিনি কারণ জানতে চাইলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, এএসআই রবিউল ইসলাম ক্ষিপ্রভাবে এগিয়ে এসে উক্ত সেনা কর্মকর্তার গাড়ির গ্লাসে জোরে আঘাত করেন এবং অস্ত্র প্রদর্শনের ভঙ্গিতে ভয়ভীতি দেখিয়ে হুমকি প্রদান করেন। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলে প্রতিমন্ত্রীর গাড়ি ঘটনাস্থলের নিকটবর্তী হয়। এ সময় সাবেক সেনা কর্মকর্তা সরাসরি প্রতিমন্ত্রীকে বিষয়টি অবহিত করে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন। তবে এ বিষয়ে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানা গেছে।

এছাড়া অভিযোগ রয়েছে, প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা তাঁর একান্ত সচিব (পিএস) বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন, যা উপস্থিতদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

পরবর্তীতে ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাবেক সেনা কর্মকর্তা তাঁর পরিবারসহ দ্রুত স্থান ত্যাগ করেন।

ঘটনাটি ঘিরে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে একজন সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে এ ধরনের আচরণ এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সচেতন মহল মনে করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও পেশাদার ও সংযত আচরণ প্রত্যাশিত।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন