ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১৬
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৬:০০ এএম
ছবি : সংগৃহীত
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) রাত ১টার দিকে লতিফ ছাত্রাবাসে এ সংঘর্ষে ৪ জন গুরুতরসহ মোট ১৬ জন আহত হয়েছেন।
সংঘর্ষ চলাকালে হলের ৫-৭টি কক্ষে ভাঙচুর হয় এবং মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগ করেছে ছাত্রশিবির। অভিযোগ উঠেছে, উভয়পক্ষের বহিরাগতরা হলে প্রবেশ করে সংঘর্ষে অংশ নেয়। ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতের ঘটনাও ঘটে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরে উপ-পুলিশ কমিশনারসহ অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
পাল্টাপাল্টি অভিযোগ
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ফেসবুকে লিখেছেন, শিবিরের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, ছাত্রদলের একজনকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। শিবির সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেন তিনি।
অন্যদিকে ছাত্রশিবিরের আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম ফেসবুকে লিখেছেন, রাতের অন্ধকারে ছাত্রদল শিবিরকর্মীদের ওপর রামদা, রড ও দেশীয় অস্ত্র নিয়ে বর্বরোচিত হামলা চালিয়েছে। তিনি অভিযোগ করেন, প্রশাসন বরাবরের মতোই পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করছে।
তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, দলীয় ক্যাডার বাহিনীকে নিয়ন্ত্রণে না আনলে ক্যাম্পাসে সহাবস্থান ব্যাহত হবে এবং এর জন্য সরকারকে চড়া মূল্য দিতে হবে।



