Logo
Logo
×

রাজধানী

রমজানের প্রথম দিনেই জমজমাট চকবাজারের ইফতারি বাজার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম

রমজানের প্রথম দিনেই জমজমাট চকবাজারের ইফতারি বাজার

ছবি : সংগৃহীত

পবিত্র রমজানের প্রথম দিনেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারি বাজারে জমজমাট পরিবেশ দেখা গেছে। প্রতি বছর রমজান এলেই ইফতারির স্বাদ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এই ৪০০ বছরের পুরোনো বাজারে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে চকবাজারের সার্কুলার রোডে দোকানিরা ইফতারির পসরা সাজিয়ে বসেন। জোহরের নামাজের পর থেকেই ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। ইফতারের সময় যতই ঘনিয়ে আসে, ততই জমজমাট হয়ে ওঠে বাজার।

চকবাজারের ইফতারি বাজারে পাওয়া যায় প্রায় শতাধিক মুখরোচক খাবার। এর মধ্যে রয়েছে চিকেন আচারি, শাহী রুটি, দই বড়া, চিকেন সাসলিক, চিকেন স্টেক, তান্দুরি চিকেন, শর্মা, শাহী পরোটা, খাসির লেগপিস, কোয়েল পাখি, কাবাব, জিলাপি, সমুচা, নিমকি ও নানা ধরনের ভাজাপোড়া। দামও ভিন্ন ভিন্ন—২০ টাকা থেকে শুরু করে খাসির লেগপিস ৯০০ টাকা পর্যন্ত।

সবচেয়ে জনপ্রিয় আইটেম ‘বড় বাপের পোলায় খায়’ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। মাংস, কাবাব, ডিম, ঘি, বুটের ডাল ও নানা মসল্লায় তৈরি এ খাবারটি রোজাদারদের কাছে বিশেষ আকর্ষণ। বিক্রেতারা জানান, ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ এই খাবার কিনতে আসেন।

চকবাজারের ইফতারি বিক্রেতাদের অনেকেই বংশ পরম্পরায় এ ব্যবসা চালিয়ে আসছেন। পাশাপাশি মৌসুমি ব্যবসায়ীরাও রমজান মাসে এখানে দোকান বসান। ক্রেতাদের মধ্যে শুধু পুরান ঢাকার বাসিন্দারাই নন, বরং রাজধানীর বিভিন্ন এলাকা থেকেও মানুষ ইফতার কিনতে আসেন।

মগবাজার থেকে আসা ক্রেতা মো. শামীম বলেন, “প্রতি বছর রোজায় চকবাজার থেকে ইফতার কিনি। আজ প্রথম রোজা, তাই এখান থেকেই ইফতার নিলাম।” খিলগাঁওয়ের বাসিন্দা তাহেরুল জানান, “চকবাজারে নানা রকম মুখরোচক ইফতারি পাওয়া যায়, যা অন্য জায়গায় সচরাচর পাওয়া যায় না। তবে বেশিরভাগ খাবার খোলা রেখে বিক্রি হয়, এ বিষয়ে বিক্রেতাদের সচেতন হওয়া উচিত।”

রমজানের শুরুতেই এভাবে জমজমাট হয়ে ওঠা চকবাজার আবারও প্রমাণ করল, পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী ইফতারি বাজার এখনো রোজাদারদের অন্যতম আকর্ষণ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন